নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও স্বেচ্ছাসেবী নিয়োগের নামে আবেদনকারীদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ কাজে বিশ্বাসযোগ্যতা অর্জনে তারা খোদ উপজেলা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে। প্রতারণার বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করেছেন ওই কর্মকর্তা নিজেই।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক পোস্ট করে বিষয়টি জানান।

জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি ও তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগে আবেদন গ্রহণের পর এক ধাপের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। পরে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়। এ সুযোগে একটি প্রতারক চক্র উপজেলা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া নম্বর (০১৩০৫৫৩০৯৩৫) দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করার আশ্বাস দিয়ে টাকা দাবি করতে শুরু করে।

বিষয়টি জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবেদনকারীদের সতর্ক করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘একটি প্রতারক চক্র আমার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করার আশ্বাস দিয়ে টাকা দাবি করছে। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কাজ করছি।’

এ বিষয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঢাকা পোস্টকে বলেন, ‘এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন, তিনি এ ব্যাপারে একটি জিডি করবেন সেটি প্রক্রিয়াধীন রয়েছে।’