আগস্টের শেষ দিকে সীমিত ওভারের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে নির্ধারিত এই সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে এখন সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০২৪ সালেই এই সিরিজটি হওয়ার কথা থাকলেও তা দুই দফায় পিছিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবারও ভারতের পক্ষ থেকে চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিসিবি।
এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এর আগে গত ২৯ জুলাই এক বক্তব্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও এর পেছনের শঙ্কার দিকটিও পরিষ্কার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে তার একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। ক্রিকেট কূটনীতি ও নিরাপত্তার মতো কিছু বিষয় সরকারের তরফ থেকেই তদারকি করা প্রয়োজন।