রাজধানীর তুরাগ থানাধীন তারারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হৃদয় (৩১) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, ৩১ জুলাই ২০২৬ খ্রিটাব্দ সন্ধ্যায় তুরাগ থানার একটি মাদকবিরোধী আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, থানাধীন তারারটেক বাইতুর ম্যামুর জামে মসজিদের পূর্ব পাশের পাকা রাস্তার ওপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করার সময় ধৃত ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার শরীর তল্লাশি করে একটি সাদা পলিথিনের ভেতর থেকে ৪টি নীল রঙের পলিজিপার উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট ৮০০ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মো. হৃদয় একজন পেশাদার ও তুরাগ এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রাম হলেও তিনি বর্তমানে তুরাগের তারারটেক এলাকায় বসবাস করছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তুরাগ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।