এস এম সাঈদ হোসেন রিপন: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা এবং অনলাইন জুয়া চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (১ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)। এদের মধ্যে শেষ তিনজন চীনা নাগরিক।
অভিযানে তাদের হেফাজত থেকে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন অপারেটরের ছয় হাজারের বেশি অ্যাক্টিভ সিমকার্ড, ২০টি গেটওয়ে মেশিন, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, ঝর্ণা চাকমা নামের এক নারী বসুন্ধরার ওই ভবনটির চতুর্থ ও পঞ্চম তলা ভাড়া নিয়ে চীনা নাগরিকদের সাবলেট হিসেবে দেন। সেখানে অবস্থান করে চীনা নাগরিকরা উন্নত প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসা এবং অনলাইন জুয়ার সাম্রাজ্য পরিচালনা করে আসছিলেন।
চক্রটি সাধারণ মানুষের মোবাইলে লোভনীয় অফার, চাকরির সুযোগ কিংবা বাড়তি আয়ের লিংকযুক্ত এসএমএস পাঠিয়ে প্রতারণা করত। ভুক্তভোগীরা ওই লিংকে ক্লিক করলেই প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হতেন। আইনি নজরদারি এড়াতে তারা অত্যন্ত জটিল প্রযুক্তি ব্যবহার করত; একটি মোবাইলের সাথে একাধিক বাহ্যিক স্লট যুক্ত করে একসাথে ১২টি সিম পরিচালনা করার কারণে ভুক্তভোগীরা প্রতারিত হয়ে অভিযোগ করলেও তাৎক্ষণিকভাবে ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর সনাক্ত করা সম্ভব হতো না।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।