গাজীপুরের টঙ্গীতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী ৫০ নং ওয়ার্ড পূর্ব বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও ত্যাগের ইতিহাস স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার (৫ আগস্ট) বিকেলে টঙ্গীর কাজীপাড়া পুকুরপাড়ে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া জুলাইয়ের আন্দোলনকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরে ৫ আগস্টের বিভিন্ন ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন উর রশিদ-এর সভাপতিত্বে এবং ৫০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
প্রধান অতিথি: সরকার জাবেদ আহমেদ সুমন (সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি), বিশেষ অতিথি ও বক্তাগণ, গাজী সালাহউদ্দিন (সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি), প্রফেসর হারুন উর রশিদ (সহ-সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি), আতাউর রহমান (সহ-সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি)।
প্রধান অতিথির বক্তব্যে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, "আমরা কাউকে ছোট করতে চাই না। তবে যারা আজ বড় বড় কথা বলেন, তাদের মনে রাখা উচিত দীর্ঘ ১৭ বছর ধরে আমরা দিন-রাত রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। সেই ত্যাগ ও অবদান কখনোই অস্বীকার করা যাবে না।"
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন। ভবিষ্যতেও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।