নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ এক তরুণকে আটক করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত আরও একজন পালিয়ে গেছেন।

গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেল ৪:১০ ঘটিকা থেকে ৫:৪৫ ঘটিকা পর্যন্ত মদন থানাধীন মদন দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি চৌকস রেইডিং টিম মদন দক্ষিণপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের দক্ষিণ দুয়ারী দুচালা টিনের বসতঘর ও ঘরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিপারযুক্ত নীল রঙের দুটি পলি প্যাকেটে রক্ষিত ৪০ গ্রাম ওজনের মোট ৪০০ পিস অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেটসহ একজনকে হাতেনাতে আটক করা হয়।

একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত 'ZAARA' নামীয় একটি ১০০ সিসি (নম্বর বিহীন) মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করে রейডিং টিম। জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে গ্রেফতার হওয়া তরুণ হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহামাদ আলী ও মৃত রাবিয়া বেগমের ছেলে মোঃ সাবিরুল ইসলাম (২০)। অপরদিকে ঘটনার সময় একই গ্রামের মোঃ নুরু মিয়া ও সজু আক্তারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনায় জড়িত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিদর্শক জনাব মোঃ নাজমুল হুদা বাদী হয়ে মদন থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।