বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জনগণের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "দীর্ঘ সতেরো বছর অবৈধভাবে দেশ শাসন করে যিনি এ দেশটাকে ধ্বংস করেছেন, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছিল। যার কারণে দুই বছর আগে তিনি ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই তিনি এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন।"

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।