মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও রুপা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের লোহার রডের আঘাতে এক স্বর্ণ ব্যবসায়ী, তাঁর ছেলে ও এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। এর আগে গত শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে গোপাল পালের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে পতিত পবন শীল (৭৩), তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা ৩-৪ জন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে তাঁদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং নগদ ৮৫ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।
তাঁদের আত্মচিৎকারে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁকেও রড দিয়ে আঘাত করে আহত করে। পরে আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ হোসেন জানান, ছিনতাইকারী ৪-৫ জন ছিল। ঘটনার সময় ওই প্রত্যক্ষদর্শী বাজির মতো একটি বিকট শব্দ শুনতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করে।
এসআই সাঈদ হোসেন বলেন, ছিনতাইয়ের শিকার আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।