ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম। শক্তির বিচারে দুই দলই একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে। এমন দুই পরাশক্তি ব্রাজিল ও মরক্কোর লড়াই দিয়েই শুরু হচ্ছে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের মাঠের যুদ্ধ। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আগামীকাল (বাংলাদেশ সময় ভোর ৪টায়) মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই হাইভোল্টেজ ম্যাচের আগে কার জয়ের সম্ভাবনা কতটুকু, তা নিয়ে আগাম পূর্বাভাস দিল সুপারকম্পিউটার।
বিশ্বখ্যাত ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান 'অপ্টা অ্যানালিস্ট'-এর সুপারকম্পিউটার ম্যাচটি নিয়ে প্রায় ২৫ হাজার প্রিম্যাচ সিমুলেশন (আগাম গাণিতিক বিশ্লেষণ) চালিয়েছে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী, ম্যাচে ফেভারিট হিসেবে ব্রাজিলই বেশ এগিয়ে রয়েছে।
ব্রাজিলের জয়ের সম্ভাবনা: ৫৭.৭%, মরক্কোর জয়ের সম্ভাবনা: ১৮.৮%, ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা: ২৩.৫%
কাগজে-কলমে এবং সুপারকম্পিউটারের চোখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এগিয়ে থাকলেও মরক্কোকে ছেড়ে কথা বলার সুযোগ নেই। ২০২৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে হেরেছে আফ্রিকার এই ‘ডার্ক হর্স’ দলটি। এমনকি ২০২৩ সালে দুই দলের সবশেষ আন্তর্জাতিক দেখায় ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল মরক্কো। ফলে সেলেসাওদের জন্য এটি হতে যাচ্ছে কঠিন এক পরীক্ষা।
এর আগে বিশ্বকাপে মাত্র একবারই (১৯৯৮ সালে) দেখা হয়েছিল দুই দলের। সেবার রোনালদো ও রিভালদোর গোলে মরক্কোকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।
বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড দুর্দান্ত। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়ে ৭ বারই জিতেছে তারা। তবে একমাত্র ব্যতিক্রম ছিল গত বিশ্বকাপের গ্রুপ পর্ব, যেখানে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছিল সেলেসাওরা।
আজ ভোররাতেই মাঠের লড়াইয়ে জানা যাবে, সুপারকম্পিউটারের এই নিখুঁত ভবিষ্যৎবাণী সত্যি নাকি আবারও কোনো বড় অঘটন ঘটাতে চলেছে মরক্কো।