রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে দুটি মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত অতর্কিতভাবে নূর ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা চাপাতি ও ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তাঁর মুখ, কাঁধ এবং হাতে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত নূর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি সংবাদমাধ্যমকে জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ কাজ শুরু করেছে। এই হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত ও আটক করতে জোরদার অভিযান চালানো হচ্ছে।