পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।"
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন। তার আইনজীবী আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেবভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হয়েছিলেন আইভী। পরে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দীর্ঘ ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান। মুক্তির ৫৫ দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন সাবেক এই মেয়র।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে দেওভোগের বাসার উদ্দেশে রওনা হন। এদিকে আইভীর আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে তার অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!