বাগেরহাটে চলন্ত মোটরসাইকেল থামিয়ে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বাদল মোড়ল (৪৫) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আব্দুল্লাহ মোড়ল নামে আরেক স্থানীয় বিএনপি নেতা।
গত মঙ্গলবার (৯ জুন) রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। আর আহত আবদুল্লাহ মোড়ল একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল একটি মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ফকিরহাটের নিয়তির মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দুই নেতাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাদল মোড়লকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত কৃষক দল নেতার মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতাল মর্গে রয়েছে। আর গুরুতর আহত অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
ওসি আরও বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে যে দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।"








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!