টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনন্ত আরো ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহতরা হলো সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫)। আহতদের মধ্যে নিহত তাজবীরের বাবা ধনবাড়ির পথিক , মাদারগঞ্জের শামীম, জিয়াউল, মেলান্দহের আনোয়ার, মধুপুরের আবু নাঈম, হনুফাসহ অন্তত ২০ জন রয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া ফিলিং স্টেশন এলাকার বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুরের মাদারগঞ্জগামী বাস রক্তিপাড়া পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনা কবলিত বাস থানায় আনা হয়েছে।
মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, আহত ২০ জনের মধ্যে ৮ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা বাড়েনি বলেও তিনি জানান।
মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!