‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের বায়োপিক বলে কথা! বক্স অফিসে ঝড় তুলবে, এটা আগে থেকেই প্রত্যাশিত ছিল। তবে এবার প্রত্যাশাকে ছাড়িয়ে ইতিহাস গড়ল সিনেমাটি। গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকে বিশ্বজুড়ে দাপুটে ব্যবসার পর এবার সর্বকালের সর্বোচ্চ আয়ের 'মিউজিক্যাল বায়োপিক'-এর রেকর্ড নিজের করে নিয়েছে ‘মাইকেল’।
এতদিন মিউজিক্যাল বায়োপিক হিসেবে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডটি ছিল ‘বোহেমিয়ান র্যাপসডি’র দখলে। বিখ্যাত ‘কুইন’ ব্যান্ডের ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে নির্মিত ছবিটি ২০১৮ সালে বিশ্বজুড়ে ৯১০.৯ মিলিয়ন ডলার আয় করেছিল। সাম্প্রতিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, সেটাকে টপকে ‘মাইকেল’ ছবির আয় এখন ৯১১ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, চলমান এই ঝড় বজায় থাকলে চলতি সপ্তাহের মধ্যেই ‘মাইকেল’ ঢুকে পড়বে বিলিয়ন ডলারের (১০০ কোটি ডলার) ক্লাবে। আর সেটি হলে ইতিহাসের প্রথম মিউজিক্যাল বায়োপিক হিসেবে বিলিয়ন ডলার আয়ের এক অনন্য রেকর্ড গড়বে এই ছবি।
বাজেট: প্রায় ২০০ মিলিয়ন ডলার, বর্তমান আয়: ৯১১+ মিলিয়ন ডলার (সর্বকালের সেরা মিউজিক্যাল বায়োপিক), পরিচালক: অ্যান্টোইন ফুকোয়া, মূল চরিত্রে: জাফার জ্যাকসন (মাইকেল জ্যাকসনের নিজস্ব ভাতিজা)
ছবিটি পরিচালনা করেছেন হলিউডের নামী নির্মাতা অ্যান্টোইন ফুকোয়া। তবে সিনেমাটির মূল আকর্ষণ ছিল মাইকেল জ্যাকসনের ভূমিকায় তাঁর নিজের ভাতিজা জাফার জ্যাকসনের অভিনয়। পর্দায় হুবহু চাচার মতো নাচ, কণ্ঠ আর অভিনয়শৈলী ফুটিয়ে তুলে বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জাফার জ্যাকসন ছাড়াও ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস ও লরা হ্যারিয়ারসহ আরও অনেকে।








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!