রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মোছা. ফাহিমা (২১)। এর আগে তার স্বামী শাহিন ও ভাগ্নি হাফছাও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফাহিমা, তার স্বামী শাহিন এবং ভাগ্নি হাফছা গুরুতর দগ্ধ হন।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটিত ওই বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শনিবার রাতে মারা যাওয়া ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মারা যাওয়া স্বামী শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং ভাগ্নি হাফছার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে একে একে তিনজনই না ফেরার দেশে চলে গেলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!