শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় মিরপুরকে একটি সুন্দর ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (৪ নভেম্বর) মিরপুরের ঐতিহ্যবাহী ‘আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিদ্যালয়টির প্রতি নিজের গভীর অনুভূতির কথা ব্যক্ত করে ডিএনসিসি প্রশাসক বলেন, আদর্শ উচ্চ বিদ্যালয়কে তিনি সবসময় নিজের স্কুলের মতোই মনে করেন। বিগত দিনে এই বিদ্যালয়ের নানা ধরনের কমিটি-সংক্রান্ত জটিলতা নিরসনে অভিভাবক ও শিক্ষকদের আকাঙ্ক্ষা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। মিরপুরের মতো জনবহুল এলাকায় এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশন সর্বদা বদ্ধপরিকর।
মিরপুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও নাগরিক সমস্যার কথা তুলে ধরে প্রশাসক বলেন, মিরপুর এলাকার ফুটপাত দখলমুক্ত করায় সাধারণ পথচারী, মায়েরা এবং শিক্ষার্থীরা এখন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারছেন। এছাড়া গার্লস আইডিয়াল স্কুলের সামনে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ফুটওভার ব্রিজের কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে রাস্তা পারাপার হতে পারে। পাশাপাশি মিরপুর-১ কাঁচাবাজার-সংলগ্ন প্রধান রাস্তার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে রাস্তা ও ফুটপাথ সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলেই চলবে না, শিক্ষক ও মা-বাবার কথা মেনে চলতে হবে। এ ছাড়া যত্রতত্র ময়লা বা চিপসের প্যাকেট না ফেলে তা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি জানান, আগামী বছরের পাঠ্যপুস্তকে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কিত বিষয়গুলো যুক্ত থাকবে।
নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ডিএনসিসি প্রশাসক বলেন, দুই কোটি মানুষের এই বিশাল শহরে একা সিটি কর্পোরেশনের পক্ষে রাস্তাঘাট পরিষ্কার রাখা বা মশা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে এলাকাবাসীর প্রতি নিজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের আগেও কথা দিয়েছিলেন এবং আগামীতেও এলাকাবাসীকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাদের যে কোনো সমস্যা সাধ্যের মধ্যে থাকলে তা এক সেকেন্ডও দেরি না করে সমাধান করে দেওয়া হবে।