ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক জমজমাট যাত্রানুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন এলাকার পরিচিত মুখ ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল।

আজ রাতে (বৃহস্পতিবার) কাশিডাঙ্গা এলাকায় আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল বলেন, "দীর্ঘদিন ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষের সেবা করা আমার জীবনের ব্রত। বড়বাড়ী ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে আমি আগামী চেয়ারম্যান পদে আপনাদের সেবা করতে চাই।"

এ সময় তিনি আরও বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। যুবসমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে তরুণ প্রজন্মের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যাত্রানুষ্ঠানের আয়োজক কাশিডাঙ্গা যুব সমাজের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তার এই বক্তব্যের পর স্থানীয় যুবসমাজ ও উপস্থিত সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাকে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানকে ঘিরে কাশিডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের মাঝে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।