কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এই উন্নয়নকাজ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেবে। এ সময় সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম জানান, সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে এসব নির্মাণকাজ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ওয়ার্কশপ ভবন, ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ছয়তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর, রিটেইনিং ওয়াল ও মূল ফটক নির্মিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী, জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।