যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় গত ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের মূল কর্মসূচির পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।
শনিবার সকালে জেলা পাবলিক হল রুমে প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে তৎকালীন আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন ও সামাজিক নৈরাজ্যের অবসান ঘটেছিল। এই বিপ্লবের ফলেই দেশ একটি অস্থিতিশীল অবস্থা থেকে পুনরায় সুশৃঙ্খল ধারায় ফিরে আসার সুযোগ পায়।