যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ এবং মাদ্রাসার শিশুদের মারধরের অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। এ সময় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত ‘আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র শিশুদের মারধর করেন এমপির মেয়ে। এরপর মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। একপর্যায়ে অভিভাবকদের একজনকে তালা দিয়ে মাথায় আঘাত করার ঘটনা ঘটে। এতে অভিভাবকসহ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে এমপির বাড়ি ঘেরাও করেন।
বিক্ষোভের একপর্যায়ে উত্তপ্ত জনতা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে ফেলেন। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে এমপি ও তার মেয়েকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ওসি মাসুম খান জানান, এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং উভয়পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।