সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে একটি আংশিক কমিটি এবং একটি সার্চ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সব সদস্যের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শহীদ শরিক ওসমান হাদিকে আজীবনের জন্য সংগঠনের মুখপাত্র ঘোষণা করা হয়।
নির্বাচনের পর নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব ৮ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
আংশিক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সাংগঠনিক সম্পাদক: রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক: শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক: রায়হান আহমেদ, অর্থ সম্পাদক: মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক: নাঈম ইবনে জহির, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক: হাবিবুল্লাহ মিসবাহ।
এ ছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সিনিয়র সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জি এ সাবির-কে আহ্বায়ক এবং মাসুদুর রহমান আদনান-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাফিন শাররাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত নেতৃত্ব ইনকিলাব মঞ্চকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সব সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ কামনা করেছেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।