জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত পদযাত্রার অংশ হিসেবে হবিগঞ্জে এসে দলের নেতাকর্মীদের ওপর হামলার শিকার হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার পুরোনো পথেই অর্থাৎ স্বৈরাচারের পথেই হাঁটছে।
নাহিদ ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং যে সংস্কার ও বিচারের দাবিতে আন্দোলন করেছিলাম, তার পক্ষে আমাদের দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছে। তারই অংশ হিসেবে হবিগঞ্জে এলে আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এই হামলায় এক কিশোরের চোখ কেড়ে নেওয়া হয়েছে।"
বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, "অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, স্বাধীন পুলিশ কমিশন গঠন করেনি। অর্থাৎ তারা সন্ত্রাসনির্ভর একটি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে।"
পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, "পুলিশ যদি তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে চায় এবং শেখ হাসিনার আমলের দলীয়করণের ইমেজ থেকে বেরিয়ে আসতে চায়, তবে আজ রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে হবে।" অন্যথায় দেশ আবারও একটি মাফিয়া ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে বলে ধরে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জে কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানা বরাবর অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য ও হুইপ নিজে সন্ত্রাসী পোষন করছেন এবং তার অনুসারীরাই এই হামলা চালিয়েছে। হামলার পর পুলিশ প্রথমে মামলা নিতে বাধা দেয় এবং কয়েক দফায় তাদের নেত্রী ডা. মাহমুদার গায়ে হাত তোলে বলে অভিযোগ করেন তিনি। পরে ক্যাম্পের ভেতর অভিযোগ গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিএনপি ও স্থানীয় নেতাদের সমালোচনা করে তিনি বলেন, "স্থানীয় এমপি এবং বিএনপির সন্ত্রাসী বাহিনী এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে। বিগত ১৬ বছর যখন বেগম খালেদা জিয়ার বাসভবন অবরুদ্ধ ছিল, তখন তাদের এই সাহস কোথায় ছিল?"
নাসীরউদ্দীন পাটওয়ারীকে ঘিরে কটূক্তির অভিযোগের জবাবে তিনি বলেন, কেউ আইন লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিংবা জনগণ ভোটের মাধ্যমে তার রায় দেবে। কিন্তু ছাত্রদল বা কোনো সন্ত্রাসীর বিচার করার এখতিয়ার নেই। সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস এই সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।