পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আওলাদে রাসূল (সা.) ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রোববার মুন্সীগঞ্জের বিনোদপুর কেন্দ্রীয় খানকায়ে রহমানিয়া মাইজভাণ্ডারীয়া মিলনায়তনে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, “একটি গাছ শুধু প্রকৃতির সম্পদ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি আমানত। পরিবেশ রক্ষা করা মানবতার সেবা এবং মহান আল্লাহর সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের অংশ। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব বহুমাত্রিক সংকটের মুখোমুখি। এ সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ধর্মীয়, সামাজিক ও যুব সংগঠনসহ সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই পরিবেশ সংরক্ষণে কার্যকর পরিবর্তন আনা সম্ভব।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “দেশপ্রেম শুধু কথায় নয়, কাজেও প্রকাশ পায়। একটি গাছ রোপণ, তার পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালনও দেশ ও মানবতার প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে বিভিন্ন খলিফাবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া-এর নেতৃবৃন্দ, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়; এটি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সামাজিক অঙ্গীকার। কর্মসূচি সফল করতে তারা সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, পরিবেশের ভারসাম্য, জলবায়ু সংকট থেকে মানবজাতির সুরক্ষা এবং বিশ্বশান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।