বেসামরিক বিমান পরিবহন খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (৩ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি। এই বৈঠকে একথা জানান মন্ত্রী।

সাক্ষাৎকালে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের এভিয়েশন খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরে তারা কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী।

টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাসসংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে এবং টেকসই এভিয়েশন ফুয়েল নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ছাড়া আকাশপথে অপরাধ দমনে 'মন্ট্রিল প্রোটোকল ২০১৪' গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান।

উভয় পক্ষের এই বৈঠকে দেশের পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক ফ্লাইট সংযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতের সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।