মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে কঠোর অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এই নির্দেশনা জারি করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন, যা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শুধু মূলধারার গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও দণ্ডিত এই আসামির বক্তব্য বা বিবৃতি প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ করতে এবং পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিটিআরসি-কে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনের সুস্পষ্ট ধারা উল্লেখ করে গণমাধ্যমের প্রতি দণ্ডিত আসামির বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অমান্য করে এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। তবে যারা এই নির্দেশ মেনে চলছে, তাদের ধন্যবাদ জানানো হয়েছে।