পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন শহীদ জাবের ইব্রাহিমের মা ও মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি বলেছেন, "জুলাই আমাদের জীবনকে বদলে দিয়েছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি না। রাজপথে নেমেছিলাম একটা পরিবর্তনের জন্য, সে পরিবর্তন অধরাই থেকে গেল। আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব না।"
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানী উত্তরার মুগ্ধ মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তড়ার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহবায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং পরিচালনা করেন সদস্য সচিব কামরুল হাসান।
প্রায় চৌদ্দশ শহীদের স্মরণের কথা উল্লেখ করে রোকেয়া বেগম আরও বলেন, "আমাদের ছেলেরা জীবন দিয়েছে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য। ১৯৭১, পিলখানা, শাপলা চত্বর এবং ২৪-এর শহীদসহ সব বীরদের স্মরণ করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। এই বীরদের জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ আশরাফুল হক, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন, শহীদ আব্দুন নূরের বাবা মাওলানা বাশার, শহীদ আসাদুল্লাহর স্ত্রী ফারজানা আক্তার, শহীদ জাহিদুজ্জামান তানভিনের মা বিলকিস জামান, শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার, শহীদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা রুপালি আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ইব্রাহিম খলিল, উত্তরা ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান, তারিক হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইন ইমু, আহমেদ সামরান ও আতিক হাসান রুবেল প্রমুখ।
উত্তরার সহস্রাধিক ছাত্রছাত্রী ও অভিভাবকের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে ছিল জুলাই চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, 'বিদ্রোহের উত্তরা' শীর্ষক পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাশিদার কাওয়ালী সন্ধ্যা।