খুব অল্প সময়ে বিশ্ব ফুটবলের আলোয় আসা বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল এবার এক কোটি ইউরোর বেশি মূল্যের বিলাসবহুল এক বাড়ির মালিক হলেন।

স্পেনের এসপ্লুগেস দে লব্রেগাত এলাকার সিউদাদ ডায়াগোনাল রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অবস্থিত তিন তলা ও দুটি ভূগর্ভস্থ স্তরের এই অট্টালিকাটি একসময় পপতারকা শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকের ছিল।

৩৮০০ বর্গমিটারের বেশি জায়গাজুড়ে বিস্তৃত এই বাড়িটিতে রয়েছে বড় বড় জানালা, আউটডোর ও ইনডোর সুইমিং পুল, ব্যক্তিগত জিম, সিনেমা রুম, রেকর্ডিং স্টুডিও এবং ব্যক্তিগত ফুটবল মাঠ।

শাকিরার রেখে যাওয়া সাজসজ্জা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইয়ামাল নিজের পছন্দমতো কিছু আসবাবপত্র এবং ব্যক্তিগত ট্রফি ও স্মারক দিয়ে ঘরগুলো সাজিয়েছেন। এই কমপ্লেক্সে পিকের ও শাকিরার বাবা-মায়েদের আলাদা বাড়ি থাকলেও মূল বাড়িটি এখন ১৮ বছর বয়সী তারকা ফুটবলার ইয়ামালের নতুন আশ্রয়স্থল।