টাঙ্গাইলের মধুপুরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাকিম ড্রাইভার (৩৭) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নেকিবাড়ী এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত হাকিম ড্রাইভার উপজেলার গোলাবাড়ী এলাকার আবু হানিফের ছেলে।
স্থানীয়দের ধারণা, শেষ রাতের কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ভোরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুপুর থানার এসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনাজনিত কারণে হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ, তাঁর কোমর থেকে শুরু করে উরু পর্যন্ত বিভিন্ন অংশ ভাঙা রয়েছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা অধিকতর তদন্তের পর নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।