রাজধানীর উত্তরখান থানা এলাকায় মাদকদ্রব্য সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিতে মিরাজ খান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উত্তরখান থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (আজ) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে থানাধীন কাচকুড়া বেপারীপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মিরাজ খানের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
নিহত মিরাজ খান পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সিরাজ খান ও আফরোজা খানম মিলির ছেলে। তিনি সপরিবারে দক্ষিণখান থানার হলান এলাকায় বসবাস করতেন।
বিতর্কের একপর্যায়ে মো. তাজুল ইসলাম সোহান (৩৫), বাবু মিয়া, মাসুম মিয়া, বুলবুল, নাহিদ মিয়া, মুরাদ হোসেন এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে মিরাজ খানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!