ওয়াশিংটনের পূর্বাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে অঞ্চলের ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে। রোববার (২ আগস্ট) রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দাবানলের ফলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও তার আশপাশের প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। স্পোকেন এলাকাসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঞ্চলের দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।
কর্মকর্তারা বলেছেন, স্পোকেনে সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে সেখানকার মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনগুলোতে আগুন জ্বলছে, আবাসিক এলাকাগুলোর কাছে কালো ধোঁয়া উড়ছে এবং পুড়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসাবশেষের মধ্যে শুধু চিমনিগুলো দাঁড়িয়ে রয়েছে।
কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিন এলাকাটির আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো সম্ভাবনা নেই।
স্পোকেনে ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, ‘আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েকটা দিন বেশ কঠিন হবে।’
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাওয়া একমাত্র এলাকা স্পোকেন নয়।
স্পোকেন ছাড়াও পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনে প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমিজুড়ে ছড়িয়ে পড়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুলডোজার ও হেলিকপ্টার দিয়ে টানা দশম দিনের মতো অভিযান চলছে। এলাকাটিতে গবাদিপশুর খামার রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ আগুন ৬০০টিরও বেশি বাড়ি এবং ৮০০টি অন্যান্য স্থাপনার জন্য হুমকি সৃষ্টি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের বেশির ভাগ সময় এলাকাটির আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এমনকি বুধবার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। কর্মকর্তারা বলছেন, বজ্রপাতের কারণেই দাবানলের সূত্রপাত হয়েছিল।
জাতীয় আবহাওয়া পরিষেবা পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানার বায়ুর মান নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটি ইউটা ও মন্টানার কিছু অংশ এবং পশ্চিম নেব্রাসকার জন্য দাবানল-সংক্রান্ত রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। পাশাপাশি অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও নেভাডার দক্ষিণাঞ্চল এবং উত্তর মন্টানার জন্য চরম তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।
স্পোকেন কাউন্টির কমিশনার ক্রিস জর্ডান বলেছেন, দাবানলে তার আত্মীয়রাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারাও এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এলাকা ছাড়ার সময় তারা চারদিকে শুধু ধোঁয়া দেখতে পাচ্ছিলেন, যা বহু মানুষের জন্য অত্যন্ত ভীতিকর ছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!