টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যাতায়াতের একমাত্র কাঁচা সড়কটি নিজ ব্যক্তিগত অর্থে সংস্কার করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলাম। বর্ষায় সড়কটি বেহাল হয়ে পড়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

জানা গেছে, পীরগাছা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বিষ্ণনাই পাল গ্রামের পাকা সড়ক পর্যন্ত কাঁচা রাস্তাটি বর্ষার পানিতে তলিয়ে খানাখন্দ ও কর্দমাক্ত হয়ে পড়েছিল। এর ফলে ওই এলাকার শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং কৃষকদের উৎপাদিত ফসল ও গবাদিপশু নিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়দের এমন দুর্ভোগের কথা শুনে উপজেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে ইট ও বালু দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি এলাকার এই সংস্কার কাজের উদ্বোধন করেন রবিউল ইসলাম।

উদ্বোধনকালে তিনি বলেন, মধুপুর ও ধনবাড়ী এলাকার মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তাঁরই ধারাবাহিকতা এবং কুড়াগাছা ইউনিয়নবাসীর প্রতি মন্ত্রীর আন্তরিক ভালোবাসা ও দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা নেকবার আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম, সহসভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন যুবদলের নেতা সুমন, সোলায়মান হোসেন, আবু হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় স্বস্তি প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট নেতাকে ধন্যবাদ জানিয়েছেন।