প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় বহুল আলোচিত এবং দল থেকে দ্বিতীয়বারের মতো সাময়িক অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়া তানভীরকে আদালতে নেওয়ার সময় চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল। এর ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুরের পূর্ব মনিপুরের একটি ভাড়া বাসায় তানভীরের অবস্থানের খবর পেয়ে বুধবার ভোর ৫টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে বুধবার দুপুরে আদালতে তোলা হয়।

এদিকে তানভীরকে গ্রেপ্তারের খবরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। পুলিশ প্রহরায় তানভীরকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে জেলহাজতে নিয়ে যায়।

ছাত্রদল নেতা রাফিউল আল আমিন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কৃতি সন্তান। তাকে নিয়ে তানভীর আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।"

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী ও ডিবি ওসি ইকবাল বাহার জানান, সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার এনসিপি নেতাকে বুধবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আদালতে শুনানির দিন ধার্য হবে।