গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণভোট পুরোপুরি মানাও যাবে, না মানাও যাবে। তবে তারা তা মানবেন এবং পর্যায়ক্রমে সেই গণভোট সংসদে প্রতিফলিত করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে আলাদা বিষয় উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়। বিরোধী পক্ষ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের স্বাগত জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচনে তাদের কত ভোট আছে তা জেনেও অংশগ্রহণ করায় গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সংবিধান এবং আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সমন্বয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির পরবর্তী মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রী কে হচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় সংক্ষেপে বলেন, এর জন্য অপেক্ষা করতে হবে, পরে জানা যাবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!