বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশির সকলের পছন্দের বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। টেলিভিশন সিরিজ আকারে নির্মাণ করা এই জনপ্রিয় কার্টুনটি ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘সনি আট’-এ প্রচারিত হয়ে আসছে।
‘শেষ হয়ে যাচ্ছে গোপাল ভাঁড়’—এমন খবর ছড়িয়ে পড়লে এর অসংখ্য ভক্তরা ভেঙে পড়েন। তবে এ খবরটি আদতে সত্য নয়; বরং এই জনপ্রিয় সিরিজের আরও নতুন পর্ব আসছে, যা এবার টানা ৬ ঘণ্টা ধরে প্রচারিত হবে।
শুক্রবার ‘গোপাল ভাঁড়’ নিয়ে একটি কৌশলী প্রোমোশনাল পোস্ট প্রকাশ করে ‘সনি আট’ (Sony AATH) কর্তৃপক্ষ। তারা নিশ্চিত করেছে যে গোপাল ভাঁড়ের নতুন পর্ব আসছে। চমক রেখে বেশ কয়েকটি ফটোকার্ড পোস্ট করে চ্যানেল কর্তৃপক্ষ লিখেছে, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভাড়-এর নতুন পর্ব আসছে ১৫ই আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’
প্রকাশিত সেই বিশেষ পোস্টারেও হাসিখুশি ভঙ্গিতে দেখা গেছে গোপালকে। এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি করা বিশেষ থিম।
এরপর গোপাল ভাঁড়ের নতুন পর্বের একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করে ‘সনি আট’ আরও উল্লেখ করেছে, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল… বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল… হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’
এর মাধ্যমে এটি স্পষ্ট হয়ে গেছে যে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ সিরিজ বন্ধের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রটা এই খবরে যারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, ‘সনি আট’-এর এই ঘোষণায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!