নীলফামারীর ডিমলায় দায়িত্ব পালনকালে হঠাৎ করেই থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় একটি সরকারি কম্পিউটারও ভেঙে নষ্ট হয়ে গেছে।
গত শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ডিউটি অফিসার হিসেবে থানার এএসআই মো. মসলিম উদ্দিন নির্দিষ্ট কক্ষে দায়িত্ব পালন করছিলেন। হুট করে কক্ষের ছাদের একটি বড় অংশের পলেস্তারা ধসে তাঁর টেবিলের ওপর এসে পড়ে। এতে দায়িত্বরত ওই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন জানান, ডিউটি অফিসারের দায়িত্ব পালনের সময় হঠাৎ ছাদের পলেস্তারা ধসে তাঁর কাঁধে আঘাত লাগে। এছাড়া থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও সম্পূর্ণ ভেঙে অকেজো হয়ে গেছে।
এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘ঘটনাটি ইতোমধ্যে পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়েছে। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। দ্রুতই এটি মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!