টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেচু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত বেচু উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণ বাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস কাকরাইদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে, স্থানীয় মোটের বাজার থেকে মহাসড়কে উঠে আসা একটি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী বেচু মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।