বহুল আলোচিত শহীদ আহসান উল্লা মাস্টার হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন মামলার আসামি ও জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিপু।

রোববার বাদ মাগরিব গোপালপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে মুঠোফোনে যুক্ত হয়ে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের সাথে তিনি কখনই যুক্ত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং গত দীর্ঘ ২৩ বছর ধরে তিনি বাধ্য হয়ে প্রবাসে জীবনযাপন করছেন।

স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নুরুল ইসলাম দিপুসহ এই হত্যা মামলার সকল আসামির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে দ্রুত মুক্তি ও অব্যাহতি কামনা করা হয়।

অনুষ্ঠানে একই সাথে এই মামলায় কারাবন্দি থাকা অবস্থায় মৃত্যুবরণকারী শহিদুল ইসলাম শিপুর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি, প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লা মাস্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।