বাংলাদেশ দলের নিয়মিত তিন পেসার ও এক ব্যাটার ইনজুরিতে ভুগছেন। যার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের দলে জায়গা পাননি নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাসের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। একাধিক তারকা খেলোয়াড়কে ছাড়াই ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামতে হচ্ছে টাইগারদের।
দলে ইনজুরি সমস্যা থাকলেও বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সিরিজে ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, "দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্ন আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে।"
তিনি আরও যোগ করেন, "তবে আগাম বলা কঠিন, দল কেমন করবে। যেহেতু সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, প্রস্তুতির জন্য কিছু সময় আছে, অনুশীলন সেশনও রয়েছে। তাই আমি আশা করি, যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমরা যেন প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারি।"
অস্ট্রেলিয়ার পেসারদের চ্যালেঞ্জ গ্রহণ করেই বাংলাদেশি ব্যাটারদের মাঠে নামতে হবে বলে মনে করেন নান্নু। এ প্রসঙ্গে তিনি বলেন, "অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক কিংবা স্পিন আক্রমণ, সবকিছুই বিশ্বসেরা। সেই হিসাবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।"
দলীয় পারফরম্যান্সের ওপর জোর দিয়ে তিনি বলেন, "একই সঙ্গে টোটাল টিম পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি দিক নিয়ে ভাবলে হবে না। আমার মনে হয়, এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়কে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।"

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!