চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, যার ফলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে একটি লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরহাট-কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লোহার স্ক্র্যাপবোঝাই লরিটি চট্টগ্রামের একটি স্ক্র্যাপ ডিপো থেকে মালামাল বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ লরিটির ইঞ্জিন কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখতে পান চালক। মুহূর্তের মধ্যে আগুন পুরো কেবিনে ছড়িয়ে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বার আউলিয়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঢাকা অভিমুখী লেনে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। এরপর ঢাকা অভিমুখী একটি লেন খুলে দেওয়া হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই আবুল খায়ের গ্রুপের ওই স্ক্র্যাপবোঝাই লরিটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, মহাসড়কে একটি লরিতে আগুন লাগার কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ধাপে ধাপে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!