ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে ফ্লাইওভারের নিচে সম্ভাব্য বর্জ্য ডাম্পিং ইয়ার্ড (ময়লার ভাগাড়) স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন টঙ্গীর সর্বস্তরের মানুষ।
পরিবেশ, জনস্বাস্থ্য ও নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা রক্ষার্থে গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে টঙ্গীর মধুমিতা রোড সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ‘পরিবেশ ও পরিবার বাঁচাতে এগিয়ে আসুন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘টঙ্গী এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্যের অন্যতম ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম আহমেদ। স্বাগত বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান। সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, ব্যবসায়ী, আলেম-ওলামা, যুবসমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। এই মহাসড়কের পাশেই রয়েছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও বিশ্ব ইজতেমার মাঠের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে প্রতিবছর বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি সমবেত হন। এমন জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকার পাশে স্থায়ী বর্জ্য ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করা হলে দুর্গন্ধ, বায়ুদূষণ, মশা-মাছির উপদ্রব এবং বর্জ্য থেকে নির্গত দূষিত তরল (লিচেট)-এর কারণে আশপাশের আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পথচারীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বেন। মহাসড়ক ব্যবহারকারী হাজারো যাত্রীর দুর্ভোগও বহুগুণ বেড়ে যাবে।
বর্জ্য ডাম্পিং ইয়ার্ড স্থাপনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে উপযুক্ত স্থানে আধুনিক ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা। এর আগে একই দাবিতে মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও কর্তৃপক্ষের সন্তোষজনক সিদ্ধান্ত না আসায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।
সভা থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়। দাবি উপেক্ষা করা হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!