যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজের অনুমোদন আটকে দেওয়ার সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপ নিয়েছে। তবে রাষ্ট্রদূত ভিয়োত্তিকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে না। মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূতের বিষয়ে ব্রাজিল সরকার সম্মতি জানালে ভিয়োত্তির ভিসাও পুনর্বহাল করা হবে।
ট্রাম্প প্রশাসনের মনোনীত প্রার্থী ও মার্কো রুবিওর মিত্র ড্যানি পেরেজের মনোনয়নকে ব্রাজিল সরকার কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে বিবেচনা করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় তিনি ব্রাসিলিয়ায় দায়িত্ব গ্রহণ করতে পারছেন না।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপ ওয়াশিংটন ও ব্রাজিলের মধ্যকার দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এর আগে গত মাসে ব্রাজিলের নির্বাচনব্যবস্থাকে প্রভাবিত করার উদ্বেগের জেরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল ব্রাজিল।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!