সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

লটারির ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রকৌশলীদের পদায়ন করা হয়েছে। এর মধ্যে— ঢাকা বিভাগ: ৩১৭ জন, চট্টগ্রাম বিভাগ: ১৩৩ জন, খুলনা বিভাগ: ৭৪ জন, রাজশাহী বিভাগ: ৭৩ জন,  রংপুর বিভাগ: ৬৪ জন, বরিশাল বিভাগ: ৪৪ জন, সিলেট বিভাগ: ৩৩ জন, ময়মনসিংহ বিভাগ: ২৯ জন।

লটারির মাধ্যমে বদলি কার্যক্রমকে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা বলে উল্লেখ করেছেন অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। তিনি জানান, এর ফলে পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

আজ রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের ৭৬৭ জন প্রকৌশলীর পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো প্রক্রিয়াটি তদারকি ও সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় এই পদায়ন দেওয়া হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, এই লটারিভিত্তিক কার্যক্রম প্রকৌশলীদের মাঝে পারস্পরিক আস্থা ও সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লটারি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, ফৌজিয়া খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।