দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দেশের সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া চলতি ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২০২৬ সালের মধ্যেই সমস্ত বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি শিল্পকারখানাগুলোতে বেসরকারি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ও জটিলতা দূর করে সংশ্লিষ্ট কার্যক্রমে গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।